২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক সজিবের মৃত্যু: জেলহাজতে ‘দ্বিতীয় স্ত্রী’

মুন্সীগঞ্জে সাংবাদিক আওরঙ্গজেব সজিবের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার কথিত দ্বিতীয় স্ত্রী আলিফা খাতুন অঞ্জনা ওরফে মুনিয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 12:24 AM

Updated : 25 Apr 2022, 02:20 PM

সদর থানার ওসি ইউনুচ আলী জানান, শুক্রবার সন্ধ্যায় আলিফাকে মুন্সীগঞ্জের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়া আবেদন জানানো হয়।

আদালত রিমান্ড আবেদন শুনানির জন্য রোববার দিন ঠিক করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিখোঁজ হওয়ার তিন দিন পর বৃহস্পতিবার একাধিক টিভি চ্যানেলের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধি সজিবের লাশ মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করা হয়।

এর পর বৃহস্পতিবার মিরপুরের সেনাপাড়া থেকে আলিফাকে আটক করে শুক্রবার সকালে মুন্সীগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব।

ওসি ইউনুচ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আলিফা খাতুন নিজেকে সজিবের দ্বিতীয় স্ত্রী এবং ২ ডিসেম্বর তাদের বিয়ে হয়েছে বলে দাবি করেছেন। বগুড়ার জন্ম নেওয়া অঞ্জনা ১৬ বছর ধরে পালক মেয়ে হিসাবে মীরপুরে খালুর বাসায় থাকতেন। ইডেন কলেজ থেকে মাস্টার্স পাস করেছেন তিনি।

“নিজেকে নির্দোষ দাবি করে অঞ্জনা বলেছে, মাত্র তিন সপ্তাহ আগে তাদের বিয়ে হয়েছে। এই সময়ে কোনো মনোমালিন্যের ঘটনা ঘটেনি।”

গত রোববার সজিব নিখোঁজ হওয়ার পরদিন তার স্ত্রী মোর্শেদা বেগম শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে বলা হয়, রোববার ঢাকার চকবাজারের বাসা থেকে বের হওয়ার পর থেকে খোঁজ মিলছে না সজিবের।

সজিব বাংলাভিশন, সময়, যমুনা ও ইন্ডিপেনডেন্ট টিভি এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি ছিলেন।

পুরনো খবর:

সাংবাদিক সজিবের ‘দ্বিতীয় স্ত্রী’ আটক