২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক সজিবের ‘দ্বিতীয় স্ত্রী’ আটক

নিখোঁজ হওয়ার আগে সাংবাদিক আওরঙ্গজেব সজিবের (৪৫) সঙ্গে কথোপকথোনের সূত্র ধরে এক নারীকে আটক করেছে র‌্যাব, যিনি নিজেকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 12:00 AM

Updated : 22 Aug 2022, 02:21 PM

বৃহস্পতিবার মিরপুরের সেনাপাড়া থেকে আলিফা খাতুন অঞ্জনা ওরফে মুনিয়া নামে ওই নারীকে আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

বাংলাভিশন, সময়, যমুনা ও ইন্ডিপেনডেন্ট টিভি এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ঢাকা মেডিকেল কলেজ প্রতিনিধি সজীব গত ২০ ডিসেম্বর রোববার নিখোঁজ হন।

বুধবার বিকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁওয়ে ধলেশ্বরী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. ইউনুস আলী জানান, লাশ উদ্ধারের পর সজিবের স্ত্রী মোর্শেদা বেগম তা শনাক্ত করেন।

মোর্শেদা বেগম এর আগে সোমবার শাহবাগ থানায় একটি জিডিও করেন। তাতে বলা হয়, রোববার ঢাকার চকবাজারের বাসা থেকে বের হওয়ার পর থেকে খোঁজ মিলছে না সজিবের।

সজিব নিখোঁজ হওয়ার দিন মুনিয়ার সঙ্গে কথোপকথনের সূত্র ধরে তাকে আটক করা হয় জানিয়ে র‌্যাব কর্মকর্তা মুফতি মাহমুদ বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে সজিবের দ্বিতীয় স্ত্রী দাবি করছেন। বিয়ের আগে সজিব বিবাহিত ছিলেন, তা জানতেন না বলেও দাবি করছেন মুনিয়া।”

আজিমপুরে দাফন

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আজিমপুর কবরস্থানে সজিবকে দাফন করা হয়েছে। এর আগে দুপুরে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ নেওয়া হয় উর্দু রোডের বাসায়।

সজিবের সহকর্মী সোহেল রানা জানান, স্থানীয় মসজিদে প্রথম জানাজা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফান করা হয়।

পুরনো খবর:

সাংবাদিক সজিবের মরদেহ মিলল ধলেশ্বরীতে