২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক সজিবের মরদেহ মিলল ধলেশ্বরীতে

নিখোঁজের তিন দিন পর সাংবাদিক আওরঙ্গজেব সজিবের (৪৫) মরদেহ মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 06:44 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

বুধবার বিকালে মুন্সীগঞ্জ সদর উপজেলায় নয়াগাঁওয়ে ধলেশ্বরী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. ইউনুস আলী।

দেশের কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলের ঢাকা মেডিকেল কলেজ প্রতিনিধি সজিব গত রোববার নিখোঁজ হন।

এরপর তার স্ত্রী মোর্শেদা বেগম সোমবার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে বলা হয়, রোববার ঢাকার চকবাজারের বাসা থেকে বের হওয়ার পর থেকে খোঁজ মিলছে না সজিবের।

ওসি মো. ইউনুস আলী বলেন, দুপুরে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশ উদ্ধারের পর সজিবের স্ত্রী মোর্শেদা বেগম তা শনাক্ত করেন।

“প্রাথমিকভাবে তার গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। গত ২০ তারিখে চাদঁপুরগামী তাকওয়া লঞ্চ থেকে নারায়ণগঞ্জের বক্তারবলি এলাকায় শীতলক্ষ্যা নদীতে তিনি ঝাপিয়ে পড়েন বলে জানা যায়।”

লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সজিবের ছোটভাই রাদিন আহম্মেদ (৪১) বলেন, “আমার ভাই আত্মহত্যা করার লোক না। তার সঙ্গে কারো কোনো বিবাদ ছিল না।”

সজিব বাংলাভিশন, সময়, যমুনা ও ইন্ডিপেনডেন্ট টিভি এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ঢাকা মেডিকেল কলেজ প্রতিনিধি ছিলেন।

তার মৃত্যুতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সভাপতি ইসারফ হোসেন ইসা ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান খানসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।

পুরনো খবর:

সাংবাদিক সজিব নিখোঁজ, থানায় জিডি