২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে নৌকায় সমর্থন জাপা প্রার্থীর

নির্বাচনের পাঁচ দিন আগে বাগেরহাট পৌরসভায় জাতীয় পার্টির (এরশাদ) মেয়র পদপ্রার্থী মির্জা আলি হাসান খোকন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গিয়ে নৌকা প্রতীকে সমর্থন দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 07:58 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

শুক্রবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খোকন এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “দলের সিদ্ধান্তে আমি বাগেরহাট পৌরসভায় মেয়র পদে প্রার্থী হই।”

ইতোমধ্যে কিছু কিছু পৌরসভায় জাতীয় পার্টি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়েছে জানিয়ে তিনি বলেন, “এরই ধারাবাহিকতায় বাগেরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেয়র খান হাবিবুর রহমানকে সমর্থন জানিয়ে আমার প্রার্থিতা প্রত্যাহার করছি ও গণসংযোগ থেকে সরে দাঁড়াচ্ছি।”

লিখিত বক্তব্যে জাতীয় পার্টির সকল পর্যায়ের নেতা-কর্মী-সমর্থকদের নৌকা প্রতীকে কাজ করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলন শেষে জাতীয় পার্টির (এরশাদ) বাগেরহাট জেলা সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, বাগেরহাট পৌরসভা নির্বাচনে মূলত বিএনপি (ধানের শীষ), আওয়ামী লীগ (নৌকা) ও স্বতন্ত্র (মোবাইল ফোন) প্রার্থীর মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে।

লাঙ্গল প্রতীক মাঠে থাকলে নৌকার কিছু ভোট কমত। তাই তারা নৌকায় সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির জেলা যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, সদস্য সচিব হাজরা শহিদুল ইসলাম, বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামসহ আওয়ামী লীগ ও জাপা নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।