সিরাজগঞ্জে সেতু ভেঙে দুই ট্রাক খাদে
সিরাজগঞ্জের কামারখন্দে একটি বেইলি সেতু ভেঙে দুটি ট্রাক নিচে পড়ে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কামারখন্দ থানার ওসি বাবুল সর্দার জানান।
তিনি বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পাথর বোঝাই দুটি ট্রাক একসঙ্গে ঝুঁকিপূর্ণ সেতুটি অতিক্রমের সময় পাটাতন ও রেলিং ভেঙে খাদে পড়ে যায়।
ট্রাক দুটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ওসি বাবুল।
সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, সেতুটি নতুন করে স্থাপন করতে অন্তত ১৫দিন লাগবে।
“ছোট যানবাহন ও হেঁটে চলাচলের জন্য সেতুর পাশ দিয়ে বিকল্প মাটির সড়ক নির্মাণ করা হচ্ছে।”
