২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় মাটিচাপায় তিনজন নিহতের ঘটনার তদন্ত শুরু

গাইবান্ধায় মাটিচাপায় তিনজন নিহত হওয়ার ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 07:58 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যর কমিটি বৃহস্পতিবার দুপুরে সাদুল্লাপুর উপজেলার তালুক মন্দুয়ার এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে।

শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “তদন্তের মাধ্যমে মাটি ভেঙে পড়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এতে ঠিকাদার প্রতিষ্ঠান বা সড়ক ও জনপথ বিভাগের গাফিলতি ছিল কী না তা নিশ্চিত করতে তদন্ত করা হবে।”

তদন্ত শেষে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দেওয়া হবে বলে তিনি জানান।

এ সময় তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন তালুকদার, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন এবং ওই ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্য, প্রতিবেশী এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার গ্রহণ করেন।

নতুন কালভার্ট নির্মাণের জন্য ওই এলাকার পুরনো কালভার্ট ভেঙে গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগ ইট ও রড নিয়ে গেলে সেখানে খাদ সৃষ্টি হয়।

সোমবার গ্রামবাসী সেখানে থাকা ইট তোলার জন্য শাবল, খুন্তি ও কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করলে মাটি ভেঙে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত হয় পাঁচজন।