২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা: নানা সমস্যায় হরিজনরা

নির্বাচনের আগে প্রার্থীরা ভালো ভালো প্রতিশ্রুতি দিয়ে যান চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের হরিজনদের। কিন্তু পরে কেউ আর তাদের খোঁজ রাখেন না।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 02:27 PM

Updated : 12 Oct 2022, 04:44 PM

হরিজনরা জানান, শহরের হরিজন পল্লীতে স্থান সংকুলান না হওয়ায় বিভিন্ন স্থানে সরকারি জায়গায় নির্মিত আশ্রয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। সেখানে পানি ও শৌচাগারসহ নানা সমস্যায় দিন কাটাতে হয় তাদের।

বুধবার পৌর শহরের কয়েকটি হরিজন পল্লী মেথরপাড়া, রেলপাড়া ও কোর্ট এলাকা ঘুরে দেখা যায়, অল্প জায়গায় গাদাগাদি করে বসবাস করছেন তারা। পর্যাপ্ত শৌচাগার নেই, পয়ঃনিষ্কান ব্যবস্থা শোচনীয় এবং খাবার পানির সংকট তীব্র।

মেথরপাড়ায় ১৯৯২ সালে সে সময়ের পৌরসভা চেয়ারম্যান আব্দুল মান্নান সেন্টু টিন শেডের ১৭টি ঘর বানিয়ে দেন। বর্তমানে ওই কলোনিতে জায়গা সংকুলান না হওয়ায় বারান্দা ও সামনের ফাঁকা জায়গায় ছোট ছোট ঘর বানিয়ে গাদাগাদি করে বসবাস করছে প্রায় ৬৫টি পরিবার। পানি ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা প্রয়োজনের তুলনায় অনেক কম।  

ওই কলোনির বাসিন্দা দুলাল দাস, ধীরেন দাস, প্রভু কুমার দাস জানান, ১৫ নম্বর ওয়ার্ডে তাদের কলোনিতে ৬৫ পরিবারের জন্য পৌরসভা মাত্র একটি পানির ট্যাপ ও চারটি শৌচাগার দিয়েছে।

হরিজন ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক রাজেন হরিজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিজের জায়গা না থাকায় রেলওয়ের ছোট একটি জায়গায় বাড়ি বানিয়ে পরিবার নিয়ে খুব কষ্টে আছি।”

তিনি জানান, তাদের সঙ্গে রেলপাড়ায় ছোট এক টুকরা জায়গায় গাদাগাদি করে ১৭টি পরিবার বসবাস করে। এছাড়া কোর্ট চত্বরে বসবাস করে আরও নয়টি পরিবার।

ওই পল্লীর জিতেন হরিজন জানান, ভোটের সময় সব প্রার্থী ভোট চাইতে আসছেন, দিচ্ছেন বিভিন্ন রকমের প্রতিশ্রুতি, কিন্তু ভোট শেষে তাদের আর দেখা মেলে না।

“বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিলেও আমাদের ভাগ্য উন্নয়নে তারা যথাযথ ব্যবস্থা নেন না। অথচ আমরা শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করি।”

হরিজন সম্প্রদায়ের মানুষজন স্বাস্থ্য সেবা, শিক্ষাসহ নাগরিক সকল সুযোগসুবিধা থেকে বঞ্চিত বলে দাবি করেন জিতেন হরিজন।

হরিজন ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি উত্তম দাস বলেন, “প্রার্থীরা নির্বাচনের সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও নির্বাচন শেষে সব ভুলে যান। আমাদের চরম আবাসন সংকট থাকা সত্বেও তা নিরসনে এখন পর্যন্ত কেউ কোনো ভূমিকা রাখেনি, যে কারণে আমাদেরকে ছড়িয়েছিটিয়ে বিভিন্ন স্থানে থাকতে হচ্ছে।”

এ পৌরসভায় তাদের প্রায় ৩ শতাধিক ভোটার রয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন, আওয়ামী লীগের প্রার্থী সামিউল হক লিটন, জাসদের মনিরুজ্জামান মনির ও জাতীয় পাটির শাহজাহান আলীর সঙ্গে কথা বলা হয়।

তারা হরিজন সম্প্রদায়ের জন্য বাসভবন নির্মাণসহ অন্য সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

বিএনপির মেয়র প্রার্থী আতাউর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

১৫ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন  এবং একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইউনুসুর রহমানের সঙ্গেও যোগাযোগ করা হয়।

তারাও হরিজন সম্প্রদায়ের সমস্যাগুলে সমাধান করার আশ্বাস দেন।