২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমাকে টাকাও দেবেন ভোটও দেবেন’

‘আমাকে টাকাও দেবেন, ভোটও দেবেন’ - এমন আবেদন নিয়েই ভোটারদের কাছে যাচ্ছেন সিরাজগঞ্জ সদর পৌরসভার মেয়র প্রার্থী নবকুমার কর্মকার।

ইসরাইল হোসেন বাবু

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 08:24 AM

Updated : 12 Oct 2022, 04:44 PM

এলএলবি পাশ চিরকুমার নবকুমার বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি নির্বাচনে অংশ নিয়েছি এ কারণে যে, কালোটাকার মালিকদের বিরুদ্ধে কথা বলার মানুষ দরকার। কিন্তু আমি টাকাওয়ালাদের বিরুদ্ধে টাকাছাড়া একজন প্রার্থী।  সেজন্য আমি ভোটও চাচ্ছি টাকাও চাচ্ছি।”

যেহেতু নির্বাচিত হলে তিনি মানুষের জন্য কাজ করবেন সেহেতু নির্বাচনের জন্য মানুষেরই তাকে টাকা দেওয়া উচিত বলে তিনি মনে করেন।

“জনগণকে আমি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছি, আপনি যদি আমাকে দুটি টাকাসহ ভোট দেন, তাহলে জনগণের প্রতি আমার দায়বদ্ধতা আরও বাড়বে। সুতরাং আমাকে টাকাও দেবেন ভোটও দেবেন।”

এই অভিনব প্রচারণা মানুষের দৃষ্টি কেড়েছে। মানুষ তাকে ভোট দেবে কি না তা নিয়ে সংশয় থাকলেও টাকা কিন্তু দিচ্ছে।

নবকুমার যেখানেই যাচ্ছেন বা প্রচারণা চালাচ্ছেন সেখানেই তার মই প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি টাকাও সংগ্রহ করছেন। এই দাবির কথা তিনি পোস্টারেও লিখেছেন।

সিরাজগঞ্জ ট্রাকশ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আকমল হোসেন বলেন, এটা সত্যিই অভিনব। এমনটি আগে কোনো দিন দেখা যায়নি যে ভোটের পাশাপাশি একজন প্রার্থী টাকা চাচ্ছেন এবং পাচ্ছেনও।

আকমলও টাকা দিয়েছেন। ব্যবসায়ী ফরিদ আহমেদ, রিকশাশ্রমিক নেতা মানব সরদার প্রমুখ অনেকেই টাকা দিয়েছেন বলে তারা জানান।

তবে তারা কে কত টাকা দিয়েছেন তা কেউ বলেননি।

নবকুমার বলেন, “যার যা খুশি দিচ্ছেন। ২ টাকা থেকে ৫০০ টাকা দিয়েছেন।”

এ পর্যন্ত মোট প্রায় সাড়ে ৭ হাজার টাকা পেয়ে প্রচারণায় খরচ করেছেন বলে জানান তিনি।

ব্যক্তিজীবনে অবিবাহিত নবকুমার কর্মকার সিরাজগঞ্জবাসীরকাছে নবদা নামেই পরিচিত।

জেলা বাসদের সদস্য (৭৫) আমির হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৮০ সালের ৭ নভেম্বর বাসদের সদস্যপদ পাওয়া এই ছাত্রনেতা তখন থেকেই শ্রমজীবী মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

“রিকশাশ্রমিক, ভূমিহীন, বাস্তুহারা, বিড়িশ্রমিক, দর্জিশ্রমিক ও নদীভাঙা মানুষের পুনর্বাসনের দাবিতে সারা বছরই আন্দোলন-সংগ্রাম করে থাকেন নবকুমার।

“এছাড়া তিনি সিরাজগঞ্জ স্বার্থরক্ষা কমিটির সদস্য এবং জেলা বাসদের সমন্বয়ক হিসেবে সিরাজগঞ্জের শ্রমজীবী ও পেশাজীবী মানুষের সব ন্যায়সংগত আন্দোলনে রাজপথের মানুষ হিসেবে পরিচিত। ”