কিশোরগঞ্জে বাস ধর্মঘট প্রত্যাহার
টার্মিনালে চাঁদাবাজী বন্ধে পুলিশের সহায়তার আশ্বাসে তিন দিনের মাথায় কিশোরগঞ্জে বাস ধর্মঘট প্রত্যাহার করেছে আন্দোলনকারীরা।
বুধবার দুপুরে পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খানের সঙ্গে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সভা শেষে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানান কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মানিক রঞ্জন দে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সভায় পুলিশ সুপার সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও মটরযান শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।”
ধর্মঘট প্রত্যাহারের পর শহরের গাইটাল ও বত্রিশ এলাকার দুটি টার্মিনাল থেকে দেশের সব রুটে বাস চলাচল শুরু হয়েছে বলে জানান এ পরিবহন নেতা।
বাস কাউন্টারে চাঁদাবাজী, টাকা ছিনিয়ে নেওয়া ও শ্রমিক মারধরসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে রোববার জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও মটরযান শ্রমিক ইউনিয়ন।
