২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি বন্ধের দাবিতে কিশোরগঞ্জে বাস ধর্মঘট

টার্মিনালে চাঁদাবাজি বন্ধের দাবিতে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও মটরযান শ্রমিক ইউনিয়নের ডাকে কিশোরগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 12:18 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

রোবাবার সকাল থেকে জেলা শহরের গাইটাল ও বত্রিশ আন্তঃ জেলা বাস টার্মিনাল থেকে বাংলাদেশের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহবায়ক মানিক রঞ্জন দে ।

শনিবার রাতে সড়ক পরিবহন মালিক সমিতি ও মটরযান শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,গাইটাল এলাকার সন্ত্রাসী শফিকুল ইসলাম মানিক দীর্ঘ দিন ধরেই বাস কাউন্টারে চাঁদাবাজি, টাকা ছিনিয়ে নেওয়া ও শ্রমিক মারধরসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।

“এছাড়া মানিক তার মালিকানাধীন বাস অবৈধভাবে চালানোর সুযোগ দেওয়ার জন্য মালিক ও শ্রমিক নেতাদের উপর চাপ প্রয়োগ এবং শনিবার গাইটাল আন্তঃ জেলা বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে তালাবদ্ধ করে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে খারাপ আচরণ করে।”

মানিককে গ্রেপ্তার না করা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলেও হুঁশিযারি জানান মানিক।

এ বিষয়ে জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম।