এক ‘বিদ্রোহীতে’ কোনঠাসা আ. লীগ-বিএনপি
শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহীর বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়াসহ নানা অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ-বিএনপির মেয়র পদপ্রার্থী ও তাদের সমর্থকরা।
নড়িয়া পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র হায়দার আলী এবং বিএনপির প্রার্থী সোহেল বেপারী।
দুজনই রিটার্নিং অফিসারের কাছে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী শহীদুল ইসলাম বাবু রাড়ীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গসহ হুমকি ধমকির বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।
এদিকে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্যের লোকজন নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন শহীদুল ইসলাম।
আওয়ামী লীগ প্রার্থী হায়দার আলীর ছেলে কামরুজ্জামান পাভেল ও বিএনপির প্রার্থী সোহেল বেপারী জানান, সারাদেশের পৌরসভা নির্বাচনের প্রচার জমে উঠলেও নড়িয়া পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী এলাকায় গণসংযোগসহ প্রচার করতে পারছেন না।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মী এবং তার আনা বহিরাগতদের দাপটে হায়দার আলী ও সোহেল বেপারীর কর্মীরা মাঠে নামতে পারছেন না বলে অভিযোগ করেন তারা।
এ ব্যাপারে হায়দার আলী ও সোহেল বেপারী পৃথকভাবে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এছাড়া গত ১৭ ডিসেম্বর শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শওকত আলী নির্বাচন কমিশনে অভিযোগ দিতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে না পেয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ওই সময় তিনি বলেন, বিদ্রোহী প্রার্থী ‘ত্রাস’ সৃষ্টি করেছেন নড়িয়ায়। ফলে সুষ্ঠু ভোট নিয়ে সংশয়ে আছেন তিনি।
“নড়িয়া পৌরসভায় মোটরসাইকেল নিয়ে মহড়া দেওয়া হচ্ছে। আচরণবিধি হরদম লঙ্ঘিত হচ্ছে, অস্থির অবস্থা, ত্রাসের অবস্থা সৃষ্টি হয়েছে।
“আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থীর পক্ষে এসব কাজ হচ্ছে। সব এলোমেলো হয়ে যাচ্ছে। নির্বাচন কীভাবে সুষ্ঠু হবে, তা বুঝতে পারছি না। আমি সুষ্ঠু নির্বাচন নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত।”
এ ব্যাপারে আওয়ামী লীগের বিদ্রোহী শহিদুল ইসলাম বাবু রাড়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, তিনি আমার জনসমর্থন দেখে তার কর্মীবাহিনী দিয়ে আমাকে নির্বাচনী প্রচার চালাতে দিচ্ছেন না। অথচ উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।
বিএনপির প্রার্থী সোহেল বেপারীর বিরুদ্ধে তিনি বলেন, “তার লোকজন নির্বাচনী প্রচারে আমার কর্মীদের বাধা দিচ্ছে।”
সরেজমিনে নড়িয়া পৌর এলাকাং ঘুরে জানা যায়, আওয়ামী লীগের প্রার্থী হায়দার আলীর ছেলে কামরুজ্জামান পাভেলসহ দলীয় নেতাকর্মীরা সীমিতভাবে গণসংযোগ চালাচ্ছেন।
তবে বিএনপির প্রার্থী সোহল বেপারী কিংবা তার কর্মীদের মাঠে পাওয়া যায়নি। এ
অপরদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ভালোভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
নির্বাচন অফিস জানায়, ১৬ হাজার ৮২৩ ভোটারের নড়িয়া পৌরসভায় চার জন মেয়র প্রার্থী হলেন আওযামী লীগের হায়দার আলী, বিএনপির সোহেল বেপারী, ইসলামী আন্দোলনের মোসলেহ উদ্দিন, আওয়ামী লীগের বিদ্রোহী শহীদুল ইসলাম বাবু রাড়ি রয়েছেন।
সাধারণ কাউন্সিলর ২৮ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছয় জন।
নজরুল খলিফা নামের এক ভোটার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নড়িয়া পৌরসভা নির্বাচনের যে পরিস্থিতে তাতে আমরা ভোট দিতে পারব কি না সন্দেহ রয়েছে। তাই আমরা সেনাবাহিনী মোতায়েনের দাবি করছি।”
নড়িয়া পৌরসভার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন বলেন, “আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর পক্ষ থেকে দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে। এখনও তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি।”
