শরণখোলায় কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ‘বনদস্যু’
সুন্দরবনের শরণখোলায় কথিত বন্দুকযুদ্ধের পর গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যাকে বনদস্যু বলে দাবি করছে র্যাব।
বুধবার সকালে শরণখোলার পানিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান র্যাব ৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম।
আটক সগীর ভাণ্ডারীকে (৩৬) স্থানীয় বনদস্যু সগীর বাহিনীর প্রধান বলে জানান এ র্যাব কর্মকর্তা।
সগীর ভাণ্ডারী বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার আনোয়ার ভাণ্ডারীর ছেলে।
রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার মধ্যরাতের পর পানিরঘাট এলাকায় সগীর বাহিনীর সদস্যদের অবস্থানের পোপন সংবাদ পেয়ে সেখানে র্যাব গিয়ে অবস্থান নেয়।
“এক পর্যায়ে সকাল ৭টার দিকে সগীর বাহিনীর সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে তারা পিছু হঠে। পরে সেখান থেকে সগীর ভাণ্ডারীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।”
ঘটনাস্থল থেকে পাঁচটি দেশি-বিদেশি অস্ত্র ও সাত রাউন্ড উদ্ধার করা হয়েছে। সগীরকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে বলে জানান তিনি।
সগীর ভাণ্ডারী আগে স্থানীয় আরেকটি বনদস্যু নয়ন বাহিনীর সদস্য ছিলেন, সম্প্রতি তিনি নিজের নামে বাহিনী গঠন করে ডাকাতি শুরু করেন বলেও জানান র্যাব কর্মকর্তা রফিকুল।
