বগুড়ায় গ্রেপ্তার ‘৪ জেএমবি’ রিমান্ডে
বগুড়া শহর থেকে গ্রেপ্তার ‘৪ জেএমবি সদস্যকে’ তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুজ্জামানের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।
শুনানি শেষে বিচারক তিন দিন মঞ্জুর করেন বলে জানান তিনি।
এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের সিলিমপুরে একটি বাড়িতে পোপন বৈঠকের সময় চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়ার গাবতলী উপজেলার কাঁকড়া গ্রামের ফজলে রাব্বি ও তার ছেলে আহমেদ সাইফুলল্লাহ সাদিক এবং সদর উপজেলার সিলিমপুর গ্রামের ওসামা বিন আনিস ও ইমামুল সাকলাইন।
এদের মধ্যে ফজলে রাব্বী গাবতলী উপজেলা জামায়াতের সাবেক আমির।আহম্মেদ সাইফুলল্লাহ সাদিক একই উপজেলার শিবিরের সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার।
‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন’ বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
