নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় নদী থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম খান।
নিহত রমজান আলী পলাশ (৪০) ঢাকার যাত্রাবাড়ীর ধোলাইপাড়ের কুতুবখালী এলাকার মৃত মীর শাহজাহান আলীর ছেলে। গুলিস্তানের স্টেডিয়াম মার্কেটে ইলেক্ট্রনিক্সের ব্যবসা করতেন তিনি।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই মাসুদ বলেন, আটি আম্বার পাল্প অ্যান্ড পেপার মিল এলাকায় নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। লাশ উদ্ধারের পর তার পকেটে থাকা মোবাইল ফোনের সিম থেকে নম্বর নিয়ে পুলিশ স্বজনদের খবর দেয়।
“পলাশ শনিবার পাওনা টাকা আদায়ে কাঁচপুর আসেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে স্বনজরা জানিয়েছে।”
তিনি আরও বলেন, “ওই ব্যবাসীর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি ।ধারণা করা হচ্ছে তাকে কেউ ধাক্কা দিয়ে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিতে পারে।”
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
