বরিশালে অচেতন পেরুর নাগরিক উদ্ধার
বরিশাল নগরীতে অচেতন অবস্থায় পেরুর এক নাগরিককে উদ্ধার করেছে স্থানীয়রা।
সোমবার গভীর রাতে সদর উপজেলার চরকাউয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি সাংবাদিকদের জানান, তার নাম জেরি ভিক্টর (৩২)। বাবার নাম জাগো চিটা। তিনি পেরুর লিমা শহরে বসবাস করেন।
পর্যটক হিসেবে ১৯ দিন আগে বাংলাদেশে আসেন। সোমবার ঢাকা থেকে তিনি লঞ্চযোগে বরিশাল আসেন বলে জানান।
তার পাসপোর্টসহ অন্যান্য কাগজপত্র দুর্বৃত্তরা নিয়ে গেছে। আর কিছু বলতে রাজি হয়নি জেরি ভিক্টর।
ওই ব্যক্তির তদারকির দায়িত্বে থাকা বন্দর থানার এসআই শাহ্ সাব খান জানান, “অসুস্থ ওই ব্যক্তি ঠিকভাবে কথা বলতে পারছেন না। তিনি পেরুর নাগরিক বলে দাবি করছেন।
“কয়েকজন লোক তার মুখে রুমাল চেপে ধরে তাকে মারধর করে পাসপার্ট ও টাকা-পয়সা নিয়ে গেছে বলে তিনি পুলিশকে জানিয়েছেন।”
এসআই শাহ্ সাব খান জানান, তার দেওয়া পাসপোর্ট নম্বরটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় এখনও কিছু জানায়নি।
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার শামীম আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এখন সুস্থ আছেন।
হাসপাতালের ভর্তি রেজিস্টার থেকে জানা যায়, আফজাল হোসেন নামে এক ব্যক্তি অজ্ঞাত হিসেবে তাকে হাসপাতালে ভর্তি করান।
