ফরিদপুরে পাওনাদারের বাড়িতে ব্যবসায়ীর লাশ
ফরিদপুর সদর উপজেলায় পাওনাদারের বাড়ি থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেল সোয়া ৩টার দিকে কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া গ্রামের রাশেদ শেখের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মাসুদ রানা।
নিহত গফফার হাওলাদার (৪৫) পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার বালিহাটি গ্রামের আতাহার হাওলাদারের ছেলে। কানাইপুর বাজারে সুতার ব্যবসা করতেন তিনি।
কানাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গফফারের কাছে একলাখ ৬৫ হাজার টাকা পেতেন রাশেদ।
“টাকা আদায়ের জন্য রোববার গফফারকে নিজ বাড়িতে ডেকে আনেন রাশেদ শেখ। তারপর গফফারের স্বজনদের খবর দিতে বলা হয়।”
পরে রাশেদের ঘর থেকে গফফারের ঝুলন্ত লাশ পাওয়া যায়।
লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এসআই মাসুদ রানা বলেন, এ ব্যাপারে এখনও কোনো মামলা বা কেউ গ্রেপ্তার হয়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
