২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জ পৌরসভা: লড়াইয়ে সমানে সমান আ. লীগ-বিএনপি  

কিশোরগঞ্জ পৌরসভায় কোনো বিদ্রোহী প্রার্থী না থাকায় খোশ মেজাজে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র পদপ্রার্থীরা। আওয়ামী লীগ প্রার্থী চান চেয়ার ধরে রাখতে, বিএনপির ভাবনায় চেয়ার পুনরুদ্ধার।

মারুফ আহমেদ

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 01:48 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

সরেজমিন জানা যায়, গত পৌরসভা নির্বাচনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে প্রায় তিন হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে পৌর আওয়ামী লীগের সভাপতি মাজহারুল ইসলাম ভুইয়া কাঞ্চন মেয়র নির্বাচিত হন।

সে নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন আবু তাহের মিয়া। তবে এবার তাদের বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

প্রথমবারের দলীয় প্রতীকে অনুষ্টিতব্য পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা পারভেজ মিয়া, বিএনপির মাজহারুল ইসলাম ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আবুল হাসেম।

স্থানীয়দের মতে, তিন প্রার্থীর মধ্যে মূল লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে।

মাঠের অবস্থা যেমনই হোক তিন মেয়র প্রার্থীই প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন পুরোদমে। যাচ্ছেন ভোটাদের কাছে, বিজয়ী হতে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি।

আওয়ামী লীগ মনোনীত পারভেজ মিয়া বলছেন, নির্বাচিত হলে কিশোরগঞ্জ পৌরসভাকে সমস্যামুক্ত ডিজিটাল নগরে পরিণত করার কথা।

অপরদিকে বিএনপি মনোনীত মাজহারুল ইসলাম বলছেন নির্বাচিত হলে বেহাল রাস্তা ও জলাবদ্ধতা সমস্যার নিরসন করে নাগরিক সুবিধা নিশ্চিত করবেন। 

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজাল বলেন, বিজয় নিশ্চিত করতে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধিক সভা অনুষ্ঠানের মাধ্যমে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে সবাই মাঠে কাজ করে যাচ্ছেন।

জেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমেদ বলেন, বিভিন্ন কারণে গত বিশ বছরে দলের নেতা-কর্মীরা কখনও এভাবে ঐক্যবদ্ধ হয়নি। কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি বিগত মেয়রের আমলে বেহাল রাস্তা ও জলাবদ্ধতাসহ উন্নয়ন ব্যার্থতার কারণেও জনগণের রায় পাওয়ার ব্যাপারে আশাবাদী দলের কর্মী-সমর্থকরা।

১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয় কিশোরগঞ্জ পৌরসভা। ১৯৯১ সালের পর থেকে অনুষ্ঠিত চারটি নির্বাচনে নির্বাচন আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীরা দুইবার করে বিজয়ী হন। এ পৌরসভায় মোট ভোটার ৬১ হাজার  ৩১০ জন।