২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রাপোলের ‘সুসংহত চেকপোস্ট’ গতি আনবে বাণিজ্যে

ভারতের পেট্রাপোলে চেকপোস্ট আধুনিকায়নের কাজ প্রায় শেষের পথে। শিগগিরই এর উদ্বোধন করা হবে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 11:59 AM

Updated : 12 Oct 2022, 04:43 PM

বেনাপোল স্থলবন্দরের বিপরীতে অবস্থিত ‘সুসংহত চেকপোস্ট’ নাম নিয়ে নতুন আঙ্গিকের ওই চেকপোস্ট চালু হলে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যে গতি বাড়বে।

সুসংহত চেকপোস্টে থাকবে ট্রাক টার্মিনাল, এসি ওয়্যার হাউজ, এক্সপোর্ট-ইমপোর্ট জোনসহ আমদানি-রপ্তানি বাণিজ্য সহজ করার সবধরনের সুযোগ-সুবিধা।

উন্নয়ন কাজ শেষ হলে পেট্রাপোল এলসি স্টেশন আন্তর্জাতিক বাজারে আধুনিক বন্দরের পরিচিতি পাবে বলে দুপারের বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী মনে করছেন।

পেট্রাপোল এলসি স্টেশনের কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রমেজ সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থায়নে বন্দরে তিনটি শেড নির্মাণ কাজ শুরু হয় ২০১২ সালের প্রথম দিকে। এর আগে ২০১১ সালের ২৭ অগাস্ট এই অবকাঠামো গড়ে তোলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৭২ কোটি রুপি ব্যয়ে ৪২ একর জমির উপর এ অবকাঠামো নির্মাণ কাজ ২০১৫ সালের শেষ নাগাদ শেষ হবে বলে জানান তিনি।

পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা এস কে বোস জানান, বুধবার সরেজমিনে পেট্রাপোল ঘুরে গেছেন ভারতীয় কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল। ওই দলে ছিলেন ভারতের ল্যান্ডপোর্ট অথরিটির চেয়ারম্যান ওয়াইএস সেরওয়াত, কেন্দ্রের বর্ডার ম্যানেজমেন্ট সম্পাদক অনুপ কুমার শ্রীবাস্তব প্রমুখ।

এস কে বোস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিগগিরই এর উদ্বোধন করতে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই আগামী ১৫ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।”

ভারতের শুল্ক দপ্তরের এক কর্মকর্তা জানান, বর্তমানে পেট্রাপোল বন্দরের যে অবকাঠামো রয়েছে তাতে পেট্রাপোল সেন্ট্রাল ওয়্যার হাউস কর্পোরেশন এলাকায় সব মিলিয়ে ৯০০টি ট্রাক দাঁড়াতে পারে। আর এখন সেখানে এক সঙ্গে দুই হাজার ট্রাক দাঁড়াতে পারবে।

উন্নয়ন কাজ শেষ হলে বাণিজ্যে বিরাজমান নানা সমস্যার সমাধান হবে দাবি করে পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, আমদানি-রপ্তানি জোনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে পেট্রাপোলে। দুই বন্দরের মাধ্যমে আমদানি ও রপ্তানি বাণিজ্য আরও বৃদ্ধি পাবে।

“বাংলাদেশ থেকে এখন যেসব পণ্যবাহী ট্রাক পণ্য নিয়ে পেট্রাপোল বন্দরে আসে, প্রবেশের পর তাদের খোলা আকাশের নিচে দিনের পর দিন আটকা পড়ে থাকতে হয়, এখন সেটা আর থাকবে না।

“এছাড়া ট্রাক থেকে মালামালও চুরি হবে না এবং রপ্তানি পণ্যবাহী ট্রাকের জট থাকবে না।”

‘সুসংহত চেকপোস্ট’ এলাকায় গিয়ে দেখা যায়, মূল প্রশাসনিক ভবনসহ বিশ্রামাগার, চওড়া রাস্তা, আলো, আমদানি ও রপ্তানির ট্রাক রাখার গুদাম ঘর, পণ্য পরীক্ষার জন্য সিকিউরিটি চেকপোস্ট, পার্কিং, কোয়ারেন্টাইন ভবনসহ (পশু খাদ্য ও প্রাণী খাদ্যের গুণগত মান পরীক্ষা করার জায়গা) বেশিরভাগ কাজই শেষ হয়েছে।

মাঠে ঘাস লাগানো হয়েছে। লাগানো হচ্ছে নানা রকম ফুল গাছ।

ভার-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যন্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসআিই) ল্যান্ডপোর্ট সাব কমিটির সভাপতি মতিয়ার রহমান বলেন, পেট্রাপোল এলসি স্টেশনকে আধুনিক বন্দরে পরিণত করায় তা দুদেশের বাণিজ্যকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিকায়নের ফলে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি কয়েকগুন বৃদ্ধি পাবে।