২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী মেডিকেলের ছাত্রকে ছুরিকাঘাত

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) এক ছাত্রকে ছুরিকাঘাত করা হয়েছে, এলাকাবাসীর সঙ্গে মেডিকেল শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 05:53 PM

Updated : 12 Oct 2022, 04:43 PM

আহত ধিমান কুমার ঘোষ এমবিবিএস শেষ বর্ষের শিক্ষার্থী। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার বিকালে নগরীর বিলশিমলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান।

এ হামলার পর মেডিকেলের শিক্ষার্থীরা বিলশিমলা বন্ধগেইট এলাকায় সওদাগর কনফেকশনারিতে হামলা ও আসবাব পুড়িয়ে দিয়েছে বলে জানান তিনি।

ওসি বলেন, “বিলশিমলা এলাকায় স্থানীয় দুই যুবক ধিমানকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে।

“এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বন্ধগেইট এলাকায় জড়ো হয়ে সওদাগর কনফেকশনারিতে হামলা চালিয়ে ভাংচুর এবং দোকানের চেয়ার টেবিল বাইরে ফেলে তাতে আগুন ধরিয়ে দেয়।”

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

গত ১৭ ডিসেম্বর বিলসিমলা বন্ধগেইট এলাকায় সওদাগর কনফেকশনারিতে খাওয়ার সময় কথাকাটাকাটির জেরে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন আহত হয়।

ওই ঘটনার জেরে ধিমানকে ছুরিকাঘাত করা হয়েছে বলে ধারণা করছেন ওসি।