চুয়াডাঙ্গায় জামাতাকে পিটিয়ে হত্যার অভিযোগ
চুয়াডাঙ্গায় জামাতাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
শনিবার রাতে শহরের ফার্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম।
নিহত টুটুল আহমেদ টোটন (২৮) একই এলাকার প্রয়াত আব্দুল খালেকের ছেলে। তিনি অটোরিকশা চালাতেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি সাইফুল বলেন, তিন বছর আগে ফার্মপাড়ার নুরু আলীর মেয়ে নাজমা খাতুনের সঙ্গে বিয়ে হয় টুটুলের। দাম্পত্য কলহের কারণে কয়েকমাস আগে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে ওঠেন নাজমা ।
“শনিবার রাত ৯টার দিকে টুটুল তার স্ত্রীকে আনার জন্য শ্বশুরবাড়িতে যান। সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে শ্বশুর বাড়ির লোকজন পিটিয়ে আহত করে তাকে। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।”
ঘটনার পর থেকে টুটুলের শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন এবং এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা সাইফুল।
