আনসারুল্লাহ পরিচয়ে প্রকৌশলীকে হুমকি
চার লাখ টাকা চাঁদা না দিলে রংপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক প্রকৌশলীকে হত্যার হুমকি দিয়েছে এক ব্যক্তি, যে নিজেকে আনসারুল্লা বাংলা টিমের সদস্য বলে দাবি করছে।
মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে শুক্রবার এই হুমকি দেওয়া হয়। শনিবার বিকালে জীবনের নিরাপত্তা চেয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান।
মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ শুক্রবার নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারেজের রেস্ট হাউস ‘অবসরে’ পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করছিলাম। বেলা ২টার সময় ০১৮৭১-৪৮৪৬৭০ নম্বর থেকে আমার মোবাইলে একটি এসএমএস আসে। তাতে চার লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে আমাকে গাড়িসহ পেট্রোল বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।
“এছাড়া আমার স্ত্রীকে অ্যাসিড মারারও হুমকি দেওয়া হয় ওই এসএমএসে।”
‘মাওলানা দাউদ শিকদার’ নামে পাঠানো ওই এসএমএসে বলা হয় ‘বিষয়টি পুলিশকে জানানো যাবে না। এ নির্দেশ মানা না হলে আপনার পরিণতির জন্য আপনি একাই দায়ী থাকবেন’।
প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, “বিষয়টিতাৎক্ষণিকভাবে রংপুরের পুলিশ সুপার ও র্যাব কর্মকর্তাকে অবহিত করেছি। শনিবার বিকালে কোতোয়ালি থানায় জিডি করেছি।”
র্যাব-১৩ রংপুরের কোম্পানি কমাণ্ডার মেজর আশরাফ আলী বলেন, বিষয়টি জানার পর র্যাবের একটি দল নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানের রংপুরের বাসায় গিয়ে খোঁজ-খবর নিয়েছেন।
রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, মাহবুবুর রহমান বিষয়টি মোবাইল ফোনে বিষয়টি তাকে জানিয়েছেন। তাকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।
