নালিশ ও ভাষণ নির্ভর বিএনপি: কাদের
রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে বিএনপি এখন নালিশ ও ভাষণ নির্ভর রাজনীতির দিকে ঝুঁকে পড়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে তিনি একথা বলেন।
বিএনপির রাজনীতিতে আন্দোলন নিয়ে কোনো সাফল্য নেই বলেও দাবি করেন তিনি।
“তোতা পাখির মতো প্রতিদিনই তারা বলে যাচ্ছে, পৌর নির্বাচনে শতকরা আশিটি আসনে তারা জয়ী হবে। কিন্তু তারা জানে না, তাদের নিজেদের মধ্যেই নানা ধরনের হতাশা কাজ করছে।”
কথামালার চাতুরী ছাড়া বিএনপির আর কোনো পুঁজি নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আশিটি আসনেই তারা বিজয়ী নয় পরাজিত হবে।
সকালে মন্ত্রী নরসিংদীর পাঁচদোনায় মহাসড়কের পাশে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন।
এ সময় নরসিংদী সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনির হোসেনসহ কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
