জামালপুরে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচলে বিঘ্ন
জামালপুরে একটি ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-জামালপুর রুটে রেল চলাচল ব্যাহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে জামালপুরের নান্দিনা পশ্চিম হোম সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে।
লাইনচ্যুত ট্রেনের চালক মো.সাখাওয়াত হোসেন জানান,ময়মনসিংহের নরুন্দি থেকে ট্রেনটি ছেড়ে আসে। নান্দিনা ২ নম্বর লাইনে স্টপেজ দেওয়া হয়।
“কিছুক্ষণ পর জামালপুরের উদ্দেশ্যে যাত্রা করে ১ নম্বর লাইনে যাওযার জন্য পয়েন্টে উঠার সাথে সাথে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়।”
ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন এসে রাত সাড়ে ১০টায় উদ্ধার কাজ শুরু করে বলে জামালপুর রেলওয়ের স্টেশন মাস্টার মো.জহুরুল ইসলাম জানান।
রাত পৌনে ৩টার দিকে তিনি বলেন,লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার হয়েছে। তবে বগি উদ্ধারে আরও কিছুক্ষণ সময় লাগবে।
তবে সকালের আগেই এই রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
