২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্রাই নদীর ভারতীয় অংশে উদ্ধার বাংলাদেশির লাশ হস্তান্তর

দিনাজপুরে আত্রাই নদীর ভারতীয় অংশ থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি যুবক সাদেকুল ইসলামের লাশ ফেরত দিয়েছে বিএসএফ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 12:42 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

কোতোয়ালি থানার ওসি খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে ভারতের কুমারগঞ্জ থানা পুলিশ বাংলদেশের মোহনপুর এবং ভারতের রসুলপুর সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশের পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।

এর আগে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয় বলে জানান তিনি।

বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কোরবান আলী জানান, বুধবার সন্ধ্যায় আত্রাই নদীর বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ভারতীয় অংশ থেকে সাদেকুলেরর লাশ উদ্ধার করে ভারতের কুমারগঞ্জ থানা পুলিশ।

পরে সাদেকুলের লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হলে ময়নাতদন্ত শেষে তা হস্তান্তর করা হবে বলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়।  

সাদেকুলের বাবা মোকছেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতেই বনতারা গ্রামে পারিবারিক গোরস্থানে সাদেকুলের লাশ দাফন করা হয়েছে।