যশোরে মেয়র প্রার্থী জামায়াত নেতা নাশকতার মামলায় কারাগারে
নাশকতার মামলায় যশোরের চৌগাছা পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী এক জামায়াত নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মেয়র প্রার্থী কামাল আহমেদ চৌগাছা পৌর জামায়াতের সেক্রেটারি ও চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পুলিশের আদালত পরিদর্শক রেজাউল করিম জানান, নাশকতার অভিযোগে গত ২৬ নভেম্বর কামালের বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ।
ওই মামলায় বৃহস্পতিবার আত্মসর্মপণ করে জামিনের আবেদন করলে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কামাল বিগত পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্বও পেয়েছিলেন।
ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত না হওয়া পর্যন্ত কারও প্রার্থিতা বাতিল হয় না, তাই এ জামায়াত নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে জানান উপজেলা রিটার্নিং কর্মকর্তা সুষমা সুলতানা।
