২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে প্রথমবারের মতো কাউন্সিলর প্রার্থী দুই নারী

বাগেরহাট পৌরসভার ৫৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সাধারণ কাউন্সিলর পদে দুই নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাদের নিয়ে এলাকাবাসীও বিশেষ উৎসাহী।

অলীপ ঘটক

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2015, 11:19 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

তারা হলেন ১ নম্বর ওয়ার্ডের হাসিনা রহমান (৪৫) এবং ৮ নম্বর ওয়ার্ডের নার্গিস আক্তার ইভা (৩৫)। দুজনই এসএসসি পাশ।

পৌরসভার বর্তমান মেয়র খান হাবিবুর রহমান (৫৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার জানামতে বাগেরহাট পৌরসভায় এই প্রথম কোনো নারী সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী হলেন। এটা ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ।

এই প্রার্থীরা বাগেরহাট পৌরসভার ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

বাগেরহাট সরকারি পিসি কলেজের সাবেক অধ্যক্ষ কমল কুমার ঘোষ (৭০) বলেন, “এটা দারুণ উৎসাহের ব্যাপার যে এই প্রথম দুই নারী সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন।”

জয়ের ব্যাপারে দুই প্রার্থীই আশাবাদী।

১ নম্বর ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীক নিয়ে লড়ছেন হাসিনা রহমান। তার প্রতিদ্বন্দ্বী তিন পুরুষ প্রার্থী।

পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা মহিলা পরিষদ, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।

একটি বেসরকারি সংস্থার চাকরিজীবীও তিনি।

হাসিনা রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই এলাকা আমার জন্মস্থান ও শ্বশুরবাড়ি। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।”

সন্ত্রাস, মাদক ও নাগরিক অসুবিধা দূর করতে এলাকাবাসীর অনুরোধে কাউন্সিলর প্রার্থী হয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, “আমাদের ওয়ার্ড পৌরসভার উত্তর প্রান্তে। এখানে নিম্ন ও প্রান্তিক আয়ের মানুষ বেশি। এলাকায় পানি বা বিদ্যুতের মতো নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করা দরকার। বিগত সময়ে এই এলাকার জনপ্রতিনিধিরা মানুষের আশা পূরণে ব্যর্থ হয়েছেন।”

একজন কাউন্সিলর প্রার্থী তার কর্মীদের গণসংযোগ না চালানোর জন্য হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন এ কাউন্সিলর প্রার্থী।

বিষয়টি প্রমাণ করার সুযোগ নেই বলে নালিশ করেননি বলে তিনি জানান।

আরেক প্রার্থী নার্গিস আক্তার ইভার প্রতীক টেবিল ল্যাম্প। ৮ নম্বর ওয়ার্ডে তার প্রতিদ্বন্দ্বী পাঁচ পুরুষ প্রার্থী।

পৌর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইভা।

ইভা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার পারিবারিক পিছুটান কম।মানুষের মধ্যেই আমার সময় কাটে। এলাকার নারীদের অসংখ্য সমস্যা। কিন্তু তারা পুরুষ কাউন্সিলরদের কাছে তাদের সমস্যা জানাতে পারেন না। এই বিষয়টি দেখে আমি কাউন্সিলর পদে নির্বাচন করতে আগ্রহী হয়েছি।”

ইভার দৃষ্টিতে পানির অভাব তার এলাকার একটি বড় সমস্যা। নির্বাচিত হলে তিনি পানিসমস্যার সমাধানে ‘আপ্রাণ’ চেষ্টা করবেন বলে জানান।

এলাকার নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় বাগেরহাট পৌরসভা নির্বাচনে এখন পর্যন্ত সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।