ছাত্রীদের যৌন নিপীড়ন: কুষ্টিয়ার সেই শিক্ষকের ৫ বছরের দণ্ড
ছাত্রীদের যৌন নিপীড়ন এবং সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার দায়ে কুষ্টিয়ার স্কুল শিক্ষক হেলাল উদ্দিন পান্নাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
কুষ্টিয়ার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক বেগম মাহমুদা খাতুন বৃহস্পতিবার বিকালে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত পান্না কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
যৌন নিপীড়ন ও ভিডিও ছড়ানোর মামলার দুটি ধারায় কারাদণ্ডের পাশাপাশি একটিতে তাকে এক লাখ এবং অপরটিতে দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডের রায় এসেছে বলে এপিপি আসাদুজ্জামান মামুন জানিয়েছেন।
এ মামলার বাকি তিন আসামি প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল,মনোয়ার হোসেন মনো ও আওলাদ হোসেন দুলালকে খালাস দিয়েছে আদালত।
এছাড়া আরেক আসামি কারাগারে মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মামলার বরাত দিয়ে এপিপি জানান,হেলাল উদ্দিন পান্না বিদ্যালয়ের পাশে বাসা ভাড়া নিয়ে প্রাইভেট পড়ানোর সময় বেশ কয়েকজন ছাত্রীর সঙ্গে কৌশলে যৌন সম্পর্ক গড়ে তোলেন। গোপন ক্যামেরায় তা ধারণ করে ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ওই ছাত্রীদের অন্যদের সঙ্গে যৌন সম্পর্কে বাধ্য করতেন।
এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ২০১৩ সালের ১৫ জুন পান্নাকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। এ সময় তার বাসার কম্পিউটার থেকে কয়েক ছাত্রীর সঙ্গে আসামিদের যৌন সম্পর্কের ভিডিওচিত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানার এসআই মনিরুল বাদী হয়ে ওই বছর৭ জুলাই পান্নাসহ পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।
