ডুয়েট খুলছে রোববার
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ১৩ দিন বন্ধ থাকার পর রোববার থেকে খুলছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ বিভাগের সহকারী পরিচালক মোছা. কামরুন্নাহার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, রোববার বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হবে। আর ২৯ ডিসেম্বর বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের সাতটি বিভাগের পরীক্ষা একযোগে শুরু হবে।
গত ৭ ডিসেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের কুদরত-ই-খুদা হলের এক ছাত্রকে উঠানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর ওই দিন সন্ধ্যায় ছাত্রদের এবং পরদিন সকালে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়ে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
