যুবলীগ নেতা খুনের দুই আসামির লাশ উদ্ধার
মাদারীপুর সদর উপজেলায় যুবলীগের এক নেতা হত্যা মামলার দুই আসামির লাশ উদ্ধার করেছে পুলিশ।
তাদের মাথায় গুলির দাগের মতো জখমের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে কারা তাদের হত্যা করেছে, তা জানা যায়নি।
বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার মধ্য খোয়াজপুর গ্রামের একটি সরিষা ক্ষেত থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানান সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ।
নিহতরা হলেন- সদর উপজেলার ব্রাহ্মণদি গ্রামের শাহ আলম মাতুব্বর (৫৫) এবং টুবিয়ার গ্রামের আবু বক্কর হাওলাদার (৫০)।
দুজনেই সদর উপজেলা যুবলীগের সদস্য আজিজুল সর্দার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
এদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও লুটপাটসহ একাধিক মামলাও রয়েছে বলে জানান ওসি।
এরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থি দল ‘সর্বহারা পার্টির’ সদস্য বলে কথিত রয়েছে।
ওসি বলেন, স্থানীয়রা লাশ দুটি দেখে থানায় খবর দেয়। বেলা ৩টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
“প্রাথমিক তদন্তে লাশের মাথায় গুলির চিহ্নের মতো দেখতে পেয়েছি। তবে ময়নাতদন্ত না করে সঠিকভাবে বলা যাবে না, মাথায় কুপিয়ে হত্যা, না কি মাথায় গুলি করে।”
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
আজিজুলের মামা সামসুল হক বলেন, গত বছরের ১৩ সেপ্টেম্বর রাতে আজিজুল সর্দারকে ধরে নিয়ে হত্যা করে চরমপন্থীরা। এই ঘটনায় শাহ আলম মাতুব্বর ও আবু বক্কর হাওলাদারসহ ১২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছিল।
