আত্রাই নদী থেকে যুবকের লাশ উদ্ধার
আত্রাই নদীর ভারতের অংশ থেকে এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে সেদেশের পুলিশ।
বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কোরবান আলী জানান, বুধবার সন্ধ্যায় ওই যুবকের লাশ উদ্ধার করে ভারতের কুমারগঞ্জ থানা পুলিশ।
নিহত সাদেকুল ইসলাম (২০) দিনাজপুর সদর উপজেলার বনতারা গ্রামের মকছেদুল ইসলামের ছেলে।
বিএসএফের বরাত দিয়ে বিজিবি কর্মকর্তা কোরবান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আত্রাই নদীর বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ভারতীয় অংশে সাদেকুলের লাশ পাওয়া যায়।
“লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভারতের বালুরঘাট সরকারি হাসপাতাল মর্গে পাঠিয়েছে দেশটির পুলিশ।”
তিনি আরও বলেন, “সাদেকুলের লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে বিএসএফ “
সাদেকুলের বাবা মোকসেদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সাদেকুল। নদী থেকে ভারতীয় পুলিশ তার লাশ উদ্ধার করেছে বলে শুনেছি।”
বিএসএফ সাদেকুলকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।
