২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতাসের নতুন কূপ খনন শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডের ২৫ নম্বর কূপের খনন শুরু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2015, 04:29 PM

Updated : 12 Oct 2022, 04:42 PM

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বুধল গ্রামে আনুষ্ঠানিক ভাবে এ খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অপারেশন  অ্যান্ড মাইন্স) জামিল আহমেদ আলিম।

বাংলাদেশ গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান জানান, কূপটি খনন কাজের দায়িত্বে রয়েছে চীনের ঠিকাদারী প্রতিষ্ঠান ‘সিনোপেক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস কর্পোরেশন লিমিটেড’।

কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্যাসের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০১২ সালে বুধল এলাকার তিতাস গ্যাস ফিল্ডে ৩৩৫ বর্গ কিলোমিটার এলাকায় সার্ভে কাজ সম্পন্ন হয়।  ওই সময়ই এ অঞ্চলে চারটি কূপ খননে সিদ্ধান্ত নেওয়া হয়।

“এর প্রেক্ষিতে ২৫ নম্বর কূপের খনন কাজের উদ্ধোধন হল। পর্যায় ক্রমে ২৩,২৪ ও ২৬ নম্বর কূপ খনন করা হবে।”

আগামী তিন মাসের মধ্যে কূপটি খনন কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উদ্ধোধনে ২৫ নম্বর কূপের প্রকল্প পরিচালক আলী মুরতেজারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

‘বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের’ অধীনে তিতাস গ্যাস ফিল্ডে প্রতিদিন ৮৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে, যা দেশের মোট গ্যাস উৎপাদনের ৩১ ভাগ।  নতুন এ কূপটি থেকে উৎপাদিত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হলে এর উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ৮৪৫ মিলিয়ন ঘনফুটে।