২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিলবোর্ড-ব্যানার সরাতে ১০ দিন সময় দিলেন মন্ত্রী

পৌর নির্বাচনকে সামনে রেখে মহাসড়কের পাশে লাগানো বিলবোর্ড, ব্যানার, পোস্টার ও ফেস্টুন আগামী ১০ দিনের মধ্যে অপসারণের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2015, 02:06 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীসহ রাজনৈতিক নেতাদের ছবি সম্বলিত এসব বিলবোর্ড-ব্যানার মহসড়কে দুর্ঘটনার কারণ হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরের চর সৈয়দপুর এলাকায় প্রস্তাবিত তৃতীয় শীতলক্ষ্যা সেতুর স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

পৌর নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না জানিয়ে আওয়ামী লীগের ওই নেতা বলেন, “নির্বাচন কমিশনের আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয়, সেজন্য জনপ্রতিনিধি ও দলের সব পর্যায়ের নেতাদের প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন।

“এছাড়া বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে মহাসড়কে যেসব বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন সাঁটানো হয়েছে, সেগুলো আগামী ১০ দিনের মধ্যে সরিয়ে ফেলুন, অন্যথায় আমরাই সরিয়ে ফেলব।”

সরকারের সিদ্ধান্তের পরও মহাসড়কে তিনচাকার যানবাহন চলাচল করার বিষয়ে মন্ত্রী বলেন, “সরকার থ্রি-হুইলার চলাচলে নিষেধাজ্ঞার সিদ্ধান্তে অনড় রয়েছে। হাইওয়ের ডিআইজিকে এ ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। তিনি ব্যবস্থা নেবেন।”

এ সময় আগামী মে মাসে সৌদি সরকারের অর্থায়নে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণ কাজ শুরু হবে বলেও জানান ওবায়দুল কাদের।