২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি কাজে বাধা: পটুয়াখালীতে শ্রমিক লীগকর্মী গ্রেপ্তার

পটুয়াখালীতে সরকারি কাজে বাধা দেওয়া, প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজির মামলায় শ্রমিক লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 11:04 PM

Updated : 22 Aug 2022, 02:15 PM

গ্রেপ্তারকৃত শিপন কাজী জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য।

সদর থানার ওসি কে এম তারিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকালে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী প্রকৌশলী সোয়াইব হোসেন একটি মামলা করেছেন।

“মামলায় শিপন কাজী ও জাহিদ হোসেনসহ অজ্ঞাত চার-পাঁচজনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে।”

ওসি বলেন, মামলার প্রধান আসামি শিপনকে শহরের পাওয়ার হাউজ কলোনি থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে প্রকৌশলী সোয়াইব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিপন ও জাহিদসহ কতিপয় ব্যক্তির একটি সিন্ডিকেট প্রভাব বিস্তার করে শহরের বেশ কিছু এলাকায় গ্রাহকদের অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে মিটার বসিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

গত ৯ ডিসেম্বর তিনি দায়িত্ব পাওয়ার পর মাঠ পর্যায়ে সংযোগ পর্যবেক্ষণ করতে গেলে অনিয়মের বিষয়টি নজরে আসে বলে জানান এই প্রকৌশলী।

তিনি বলেন, “পরে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করার কাজ শুরু হলে শিপনসহ ওই সিন্ডিকেটের সদস্যরা সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি দেয় এবং চাঁদা দাবি করে।”

এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা করা হয় বলে প্রকৌশলী সোয়াইব জানান।

জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক কাজল কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিপন জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য। এর বেশি তিনি কিছু জানেন না বলে দাবি করেন।