বেশি ফি নেওয়ার প্রতিবাদে গাজীপুরে সড়ক অবরোধ
এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদে গাজীপুরের কোনাবাড়িতে সড়ক অবরোধ করেছে এমইএইচ আরিফ কলেজের শিক্ষার্থীরা।
সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
“কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার পর বিকাল সোয়া ৪টার দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।”
কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ফারজানা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফরম পূরণের জন্য দুই হাজার টাকা করে নেওয়ার নিয়ম থাকলেও আমাদের কাছ থেকে ১২ হাজার টাকা আদায় করা হচ্ছে।”
দ্বিতীয় বর্ষের ছাত্র মোশারফ হোসেনের অভিযোগ, আশপাশের কলেজগুলোতে দুই থেকে তিন হাজার টাকা ফি নেওয়া হলেও তাদের কাছ থেকে ১২ হাজার টাকা আদায় করছে কলেজ কর্তৃপক্ষ।
এছাড়া রেজিস্ট্রেশন বাবদ দুই হাজার এবং উন্নয়ন ফি দুই হাজার ৪০ টাকা নিচ্ছে বলেও অভিযোগ করেন মোশারফ।
এ বিষয়ে এমইএইচ কলেজের অধ্যক্ষ মো. এমারত হোসেন আরিফ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাহমুদুল হক জানান, তাদের কলেজে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য চার হাজার ৪৭০টাকা এবং বাণিজ্য ও কলা বিভাগের শিক্ষার্থীদের জন্য চার হাজার ৩৭০ টাকা ফি ধরা হয়েছে।
