২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৭

রাজশাহীর মতিহার থানা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ৪৭ জন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 03:36 PM

Updated : 12 Oct 2022, 04:42 PM

মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে শহরের চৌদ্দপায় ফল গবেষণা কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে মতিহার থানার ওসি হুমায়ুন কবির জানান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে রাজশাহীতে ফিরছিল; আর অর্পা পরিবহনের বাসটি রাজশাহী থেকে যাচ্ছিল তাহেরপুর। ন্যাশনাল ট্রাভেলসের বাসটি একটি ট্রাককে পাশ কাটাতে গেলে দুই বাসের সংঘর্ষ হয়।

এ সময় একটি বাস রাস্তায় থাকা দুটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে সেগুলো দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাত বাসযাত্রীর মৃত্যু হয়। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতের উদ্ধারের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ওসি।

নিহতরা হলেন- ন্যাশনাল ট্রাভেলসের চালক শহিদুল ইসলাম শহীদ, অর্পা পরিবহনের চালক মিন্টু আলী, বাসের যাত্রী রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ফারজানা শেখ লুবনা, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নরসিরা গ্রামের আজাফর আলী, তার স্ত্রী বেলিয়ারা, দুর্গাপুরের আবু বক্কর সিদ্দিক ও পুঠিয়ার ভাল্লকগাছি গ্রামের ময়েন উদ্দিন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম রফিকুল ইসলাম জানান, আহতদের মধ্যে ৪৭ জনকে সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে।

এর মধ্যে ১৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের আইসিইউতে রাখা হয়েছে।