ট্রেন চালকের সতর্কতায় বাঁচল দুই প্রাণ
ট্রেনের নিচে ঝাঁপ দিয়েও চালকের সতর্কতায় বেঁচে গেছে এক গৃহবধূ ও তার চার বছর বয়সী সন্তান।
ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশন প্লাটফর্মের কাছে সোমবার বিকেলে।
তবে চালক গোলাম কিবরিয়া চলন্ত ট্রেন থামিয়ে দিয়ে মা জোছনা বেগম (৩২) ও তার চার বছর বয়সী ছেলে জাবিরকে প্রাণে রক্ষা করেন।
রেলওয়ে চাষাঢ়া স্টেশনে মাস্টার কামরুল ইসলাম খান জানান, বিকেল সোয়া ৪টার দিকে ঢাকাগামী একটি ট্রেন (২১৫ নম্বর) চাষাঢ়া স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। ট্রেনটি চাষাঢ়া রেলস্টেশনের সিগন্যাল পার হওয়ার সময় আকস্মিকভাবে ছেলে জাবিরকে কোলে নিয়ে জোছনা বেগম রেল লাইনের উপর শুয়ে পড়েন।
ট্রেনের চালক গোলাম কিবরিয়া বিষয়টি দূর থেকে দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে চলন্ত ট্রেনটি থামিয়ে দিলে প্রাণে বেঁচে যায় মা-ছেলে।
স্টেশন মাস্টার জানান, জোছনার স্বামী দুলাল হোসেনকে ডেকে তার হাতে স্ত্রী-সন্তানকে তুলে দেওয়া হয়েছে।
দুলাল জানান, পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী জোছনা আত্মহত্যার চেষ্টা করেছিল। এজন্য তিনি অনুতপ্ত বলেও জানান উপস্থিত সবাইকে।
ক্ষুদ্র ব্যবসায়ী দুলালের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাহপাড়ায়।
