২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত ২০

অটোরিকশায় বসা নিয়ে পুলিশ কনস্টেবল ও শ্রমিক নেতার ঝগড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি রণক্ষেত্রে পরিণত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 08:50 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

সোমবার দুপুরে পুলিশ ও শ্রমিকদের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এরমধ্যে কয়েকজন পুলিশও রয়েছে।

আহতদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালসহ আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে ট্রাক শ্রমিকরা ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক আধঘণ্টা অবরোধ, টায়ারে অগ্নিসংযোগ এবং বেশ কয়েকটি যানবাহন ও সিটি কর্পোরেশনের পার্ক ‘অ্যাডভেঞ্চার ল্যান্ড’ ভাংচুর করেছে।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও শ্রমিকরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে শহরের মাসদাইর এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে ফতুল্লা মডেল থানা পুলিশের কনস্টেবল আজাদ ও ফতুল্লা ট্রাক শ্রমিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমিনুল ফতুল্লা যাচ্ছিলেন।

অটো রিকশায় বসা নিয়ে কনস্টেবল আজাদের সঙ্গে শ্রমিক নেতা আমিনুল ইসলামের বাগবিতণ্ডার ঘটনা ঘটে।

এক পর্যায়ে মারামারিতে পুলিশ সদস্য আজাদের মাথা ফেটে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এরপর পঞ্চবটিতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ আমিনুলকে আটক করলে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বেলা সাড়ে ১২টার দিকে যানবাহন ও অ্যাডভেঞ্চারল্যান্ড পার্ক ভাংচুর করে।

ওই সময় তারা ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের পঞ্চবটিতে টায়ার জ্বালিয়ে আধাঘন্টা সড়ক অবরোধও করে।

পরে ঘটনাস্থলে পুলিশ এসে ২০/৩০ রাউন্ড গুলি ছুড়ে শ্রমিকদের ছত্তভঙ্গ করে দেয়।

ফতুল্লা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস টি আলমগীর বলেন, “অটোরিকশায় আরোহী ছিলেন আমাদের এক শ্রমিক। এ সময় একজন লোক ওঠে সিট ছাড়তে বলে; না ছাড়ায় তাকে সে থাপ্পড় মারে।”

এ ঘটনা নিয়ে দুজনের কথা কাটাকাটির জেরে ওই শ্রমিক নেতাকে পুরিশ আটক করে। এরপর ট্রাক শ্রমিকরা রাস্তায় নেমে আসে বলে দাবি করেন আলমগীর।

সংঘর্ষে অন্তত ১৫ শ্রমিক আহত হয়েছেন বলে জানান তিনি।

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মহিবুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সদস্যকে মারধর করে আহত করার ঘটনায় চার শ্রমিক আটক করলে ট্রাক শ্রমিকরা সড়ক অবরোধ ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

“পুলিশ ফাঁকাগুলি ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় আমাদের ৫/৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।”