মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার কবজি কর্তন
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক ছাত্রলীগ নেতার ডান হাতের কবজি বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষের লোকজন।
রোববার রাত ১০টার দিকে শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান শিবালয় থানার ওসি রকিবুজ্জামান।
আহত আকাশ মজুমদারকে (১৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আকাশের বরাত দিয়ে ওসি জানান, উলাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আকাশের সঙ্গে একই এলাকার ছাত্রলীগকর্মী পলাশের (২০) দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
“এর জের ধরে ‘পলাশ ও তার লোকজন’ এ হামলা চালিয়ে আকাশের ডান হাত কবজি থেকে কেটে ফেলে।
“পুলিশ ঘটনাস্থল থেকে হাতের কবজি ও একটি চাপাতি উদ্ধার করেছে। কবজিটি হাসপাতালে পাঠানো হলেও জোড়া লাগানো সম্ভব হয়নি।”
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
