গাইবান্ধায় নববধূ খুন
গাইবান্ধা সদরে নিখোঁজের একদিন পর এক নববধূর লাশ পাওয়া গেছে।
রোববার উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নয়নি সাদেকপুর গ্রাম থেকে পুরিশ লিজা আকতারের (২০) লাশ উদ্ধার করেছে।
লিজা ওই গ্রামের লিটন মিয়ার মেয়ে।
লিজা আকতারের মা বিলকিছ বেগম জানান, সম্প্রতি সাদুল্লাপুর উপজেলার কুঞ্জমহিপুর গ্রামে লিজার বিয়ে হয়েছে। বরপক্ষ এখনও তুলে না নেওয়ায় তিনি বাবার বাড়িতেই থাকছিলেন।
শনিবার দুপুরে তার মোবাইল ফোনে একটি কল আসলে তিনি বাড়ী থেকে বের হয়ে উঠানে যান এবং এরপর থেকে নিখোঁজ থাকেন বলে লিজার মা জানান।
“এরপর সারাদিন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।”
সকালে বাড়ির পাশে মিরপুর বাজারের অদূরে একটি কালভার্টের কাছে তার লাশ পাওয়া যায় বলে জানান বিলকিছ বেগম।
গাইবান্ধা সদর থানার এসআই মো. হাবিব মিয়া জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
লাশ উদ্ধারের সময় লিজার মুখ দিয়ে রক্ত ঝরছিল। এছাড়া মাথা ও কানে একাধিক জখমের চিহ্নও আছে বলে জানান এসআই হাবিব।
গাইবান্ধা সদর থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা লিজাকে লোহার রড় দিয়ে পিটিয়ে হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে। এনিয়ে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
