মালয়েশিয়ায় দুই বাংলাদেশিকে হত্যার অভিযোগ
মালয়েশিয়ায় দুই বাংলাদেশিকে হত্যা করার অভিযোগ এনেছে তাদের পরিবার।
মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলত খান গ্রামের রাসেল খান (২৮) ও বিজয় খান (২৫) শুক্রবার মালয়েশিয়ায় মারা যান বলে তাদের পরিবার জানায়।
রাসেলের ছোট ভাই শিহাব খানকে তার চাচা সোহরব খান শুক্রবার সকালে মালয়েশিয়া থেকে ফোনে এ খবর জানান।
শিহাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার সকালে একটি পাহাড়ে মাটি চাপা দিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে শুনেছি।
“কদিন আগে রাসেল ও বিজয়কে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়। এরপর শাকের ও ইউনুস নামে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে পুলিশে দেয় আমাদের আত্মীয়স্বজন।
“পরে শাকের ও ইউনুসের স্বীকারোক্তি অনুযায়ী একটি পাহাড় থেকে অপহৃত দুজনের মাটিচাপা লাশ উদ্ধার করে সে দেশের পুলিশ।”
সোহরব খানের বরাত দিয়ে শিহাব জানান, রাসেল, বিজয়, শাকের ও ইউনুসসহ অনেক বাংলাদেশি একই ভবনে বসবাস করতেন।
রাসেল ও তার খালাত ভাই বিজয় আট বছর আগে মালয়েশিয়া যান।
