চৌমুহনীতে বিএনপি প্রার্থীর বৈঠকে হামলা, ‘গুলিবিদ্ধ’ ১
নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী জহির উদ্দিন হারুনের উঠান বৈঠকে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
এ সময় তিনজন গুলিবিদ্ধ হন বলে জহির উদ্দিন জানিয়েছেন।
শনিবার সন্ধ্যায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে হাজীপুর নবদিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
‘গুলিবিদ্ধ’ শাওন (২৫), খোকন (২৪) ও জামানকে (২৫) স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান জহির।
তবে ‘পুলিশের হয়রানির’ ভয়ে হাসপাতালের নাম জানাতে অস্বীকার করেন তিনি।
জহির উদ্দিন হারুনের অভিযোগ, দিনভর পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে সন্ধ্যায় হাজীপুরের নবদিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে উঠান বৈঠকে মিলিত হন তারা।
ওই সময় মুখে গামছা বাঁধা একদল সন্ত্রাসী অতর্কিতভাবে এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং হাতবোমার বিষ্ফোরণ ঘটায় বলে জানান জহির।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের আটক না করে উল্টো তার কর্মী-সমর্থকদের লাঠিপেটা করে বলে অভিযোগ করেন তিনি।
এ ব্যপারে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন বলেন, জহির উদ্দিন হারুনের উঠান বৈঠকে গোলযোগের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যপারে থানায় লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।
