২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশার অবগুণ্ঠনে রংপুর

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রংপুর। শনিবার সূর্যোদয়ের সময় সকাল ৬টা ৪০ মিনিট হলেও সারাদিন রোদের দেখা মেলেনি।

রংপুর প্রতিনিধি

শাহজাদা মিয়া আজাদ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2015, 06:42 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

ঘন কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে হিমেল বাতাস অব্যাহত থাকায় শীতের তীব্রতা বেড়েছে। কষ্টে দিন কাটাচ্ছে শিশু ও বৃদ্ধরা। দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। 

অপরদিকে আগামী কয়েক দিনের মধ্যে রংপুর অঞ্চলে শৈত্যপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

রংপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত আবহাওয়াবিদ মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কুয়াশার কারণে সূর্যের আলো আসছে না। তাই শীত অনুভূত হচ্ছে। আবার দু-এক দিনের মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে।

“বৃষ্টি হলেই মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে, যা কয়েক দিন অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।”

তিনি বলেন, রংপুরে শুক্রবার দুপুরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থাকলেও শনিবার তা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি।

শীতের কারণে কষ্টে দিন কাটাচ্ছে শিশু ও বৃদ্ধরা।

রংপুরের সিভিল সার্জন মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্টে ভুগছে। তবে শীতজনিত রোগের প্রকোপ তেমন একটা দেখা দেয়নি।”

শীতজনিত রোগে আক্রান্ত হয়ে গত দুদিনে জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে কেউ ভর্তি হয়নি বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

এদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ফরিদুল হক জানান, ৫০ হাজার কম্বলের জন্য চাহিদাপত্র তৈরি করা হচ্ছে। আজকালের মধ্যে তা ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো হবে।