খুলনায় গ্যাসের আগুনে দগ্ধদের ২ জন ঢাকায়
খুলনা নগরীতে গ্যাস সিলিন্ডারের আগুনে এক পুলিশ সদস্যসহ তার পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
শনিবার সকালে নগরীর মুজগুন্নি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে খালিশপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান।
এরা হলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের খালিশপুর থানার গাড়ি চালক কনস্টেবল আতিয়ার রহমান, তার স্ত্রী আনোয়ারা বেগম, ছেলে তৌফিক ও আনোয়ারার বোনের ছেলে শামীম।
বিকালে আনোয়ারা বেগম ও তৌফিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আতিয়ার রহমান ও শামীমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি জানান, সকালে আনোয়ারা রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে তার শরীরে আগুন ধরে যায়। আতিয়ার স্ত্রীকে বাঁচাতে গেলে তার পোশাকেও আগুন ধরে যায়। এরপর তাদের বাঁচাতে গিয়ে দগ্ধ হন তৌফিক ও শামীম।
পরে চিৎকার শুনে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে ওসি আনোয়ার জানান।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ বলেন, অগ্নিদগ্ধ আনোয়ারা বেগম ও তৌফিকের অবস্থা আশংকাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অপর দুইজনের অবস্থা আশংকামুক্ত বলে জানান তিনি।
