খুলনায় গ্যাসের আগুনে এক পরিবারের ৪ জন দগ্ধ
খুলনা নগরীতে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়েছেন এক পুলিশ সদস্যসহ তার পরিবারের চারজন।
শনিবার সকালে নগরীর মুজগুন্নি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে খালিশপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান।
দগ্ধ পুলিশ কনস্টেবল আতিয়ার রহমানসহ অন্যদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম জানা যায়নি।
আতিয়ার খুলনা মেট্রোপলিটন পুলিশের খালিশপুর থানার গাড়ি চালক।
ওসি জানান, সকালে আতিয়ারের স্ত্রী রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে তার শরীরে আগুন ধরে যায়। আতিয়ার তার স্ত্রীকে বাঁচাতে গেলে তার পোশাকেও আগুন ধরে যায়। এরপর তাদের বাঁচাতে গিয়ে দগ্ধ হন সন্তানরা।
পরে চিৎকার শুনে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে ওসি আনোয়ার জানান।
