‘বিদেশিকে হত্যার চেষ্টা, মন্দিরে হামলায় জেএমবি’
দিনাজপুরে বিদেশি নাগরিক হত্যার চেষ্টা ও মন্দিরে হামলা সবই জেএমবির কাজ বলে দাবি করেছেন পুলিশের রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক হুমায়ুন কবির।
শনিবার দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানায় এক প্রেস ব্রিফিংয়ে ডিআইজি হুমায়ুন কবির বলেন, বিদেশি নাগরিক হত্যার চেষ্টা, কান্তজিউ মন্দিরে রাস মেলা ও ইসকন মন্দিরে গুলি-বোমা, পেট্রোল পাম্পে লুটসহ সব হামলার ঘটনাই একই সূত্রে গাঁথা।
“এগুলো জেএমবির কাজ। এর পক্ষে পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।”
খুব অল্প সময়ের মধ্যে এই অঞ্চল থেকে জেএমবিসহ সব ধরনের সন্ত্রাসী পুরোপুরি নির্মূল করা হবে বলে আশ্বাস দেন তিনি।
প্রেস ব্রিফিংকালে দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিন, সদর সার্কেলর এএসপি হাসানুজ্জামান মোল্লা, কোতোয়ালি থানার ওসি একেএম খালেকুজ্জামান উপস্থিত ছিলেন।
ইসকন মন্দিরে হামলায় মামলা
দিনাজপুরের কাহারোল উপজেলায় ইসকন মন্দিরে হামলার ঘটনায় শুক্রবার রাতে মামলা হয়েছে।
ওই মন্দিরের পুরোহিত গোবর্ধন হরিদাস কাহারোল থানায় মামলাটি দায়ের করেন।
কাহারোল থানার ওসি মনসুর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় ছয় জনকে আসামি করা হয়েছে। ঘটনার পরপরই আটক শরিফুল ইসলাম ও শুক্রবার সকালে বীরগঞ্জে এসএমজি-গুলিসহ আটক মোসাব্বির আলম খন্দকারকে আসামি করা হয়েছে। অপর চারজনকে অজ্ঞাত পরিচয় হিসেবে রাখা হয়েছে।
বৃহস্পতিবার রাতে দিনাজপুর সদর উপজেলার ভূষিরবন্দরের পাঠানপাড়া এলাকায় তৃপ্তি ফিলিং স্টেশনে ‘ডাকাতি করে’ পালানোর সময় তিনজনকে পিটুনি দেয় জনতা। তাদের মধ্যে একজন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মারা যান।
একই রাতে দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দ গ্রামে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) একটি মন্দিরে কীর্তন ও ধর্মসভা চলার সময় দুর্বৃত্তদের গুলি ও ককটেল হামলায় দুজন আহত হন।
এর পাঁচদিন আগে দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউর মন্দির প্রাঙ্গণে রাসমেলার একটি যাত্রা প্যান্ডেলে দুর্বৃত্তের ছোড়া হাতবোমা বিস্ফোরণে আহত হন নয়জন। ওই ঘটনার পর মেলা একদিন বন্ধ রাখা হয়।
