২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুকুরছানার জন্য ভালোবাসা

সন্ধ্যা সাড়ে সাতটা। শীতের সন্ধ্যায় ততক্ষণে অন্ধকার নেমে গেছে। শীতও পড়ছে। জনহীন অন্ধকার ক্যাম্পাসে একদিকে নিরাপত্তার ভয়, অন্যদিকে একটি কুকুরছানা নিয়ে উদ্বেগ। বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী চলেছেন ছানাটির জন্য শীতবস্ত্র আর খাবার নিয়ে। একজনের হাতে শীতবস্ত্র আর অন্যজনের হাতে দুধের বোতল।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইব্রাহীম খলিল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2015, 04:08 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

গন্তব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবন। এখানেই সিঁড়ির নিচে তাদের সেই ছোট্ট কুকুরছানাটি অনাহারে ও শীতে কুঁইকুঁই করছে। আদর করে তারা তার নাম দিয়েছেন পুটুমটি।

দুই সপ্তাহ বয়সী পুটুমটির মা তাকে দেখতে আসে না। তাই তার কান্না থামাতে এগিয়ে আসেন দুই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের জাকিয়া সুলতানা ও জোবায়দা শিরিন জ্যোতি।

জাকিয়া থাকেন রোকেয়া হলে, আর জ্যোতির হল তাপসী রাবেয়া।

বুধবার সন্ধ্যায় পুটুমটির যত্ন নিতে নিতে এই দুই শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছানাটির জন্ম হয়েছে পাঁচিলের ভেতরে। অধিকাংশ সময় গেট বন্ধ থাকায় মা-কুকুরটি এখানে আসতে পারছে না, একে দুধও খাওয়াতে পারছে না। তার উপর শীতও পড়ছে।

জাকিয়া সুলতানা বলেন, “আমি বাজার থেকে দুধ কিনে প্রতিদিন চারবার করে এখানে এসে ওকে খাইয়ে যাই। রাতে যাতে কষ্ট না হয় সেজন্য আমি আর আমার বান্ধবী জ্যোতি ওকে ওর জন্য বানানো ঘরে রেখে যাই।”

জোবায়দা শিরিন জ্যোতি বলেন, “বুধবার যখন শীত পড়া শুরু হল তখন হঠাৎ ওর কথা মনে পড়ল। তাড়াতাড়ি বাজারে গিয়ে ওর জন্য তিন সেট গরম কাপড় কিনে এনেছি। এসে দেখি শীতে কাঁপছে বাচ্চাটা। তখন ওকে আর এখানে রেখে যেতে পারিনি। রাতে আমার হলে নিয়ে রেখেছি। অন্যরা যেন অভিযোগ না করে সেজন্য লুকিয়ে রেখেছিলাম। সকালে আবার ওর ঘরে রেখে গেছি।”

যত্ন নিতে নিতে মাঝে মাঝেই তারা পুটুমটির সাথে দুষ্টুমি করেন। মাঝে মাঝেই এক বান্ধবী আরেক বান্ধবীকে বলেন পুটুমটির ‘মমতাময়ী জননী’।

একজন আরেকজনের হাত থেকে কেড়ে নিয়ে পুটুমটিকে আদর করেন। পালাক্রমে চলে দুই বান্ধবীর পুটুমটির পরিচর্যা।

“আসলে বাচ্চাটাকে আমরা ভীষণ ভালোবেসে ফেলেছি। রাতে ঘুমালে মনে হয় কখন সকাল হবে। পুটুমটি হয়ত ক্ষুধায় ছটফট করছে। ওকে হলেও নিতে পারছি না কর্তৃপক্ষের ভয়ে।” জোবায়দা শিরিন জ্যোতি বললেন।

জাকিয়া বলেন, “দিনের বেলা গেট খোলা থাকলেও ওর মাকে আসতে দেখি না। তাই প্রতিদিন নিয়ম করে আমাদেরই আসতে হয়।”

তাদের অনুরোধ, পুটুমটির মা যদি গেটের সামনে আসে তাহলে যেন তাকে ভিতরে প্রবেশ করার জন্য গেট খুলে দেওয়া হয়। এ ব্যাপারে প্রহরীরা আশ্বস্ত করেছেন।