গুদামে ৬ হাজার টন চিনি, জয়পুরহাটে নতুন মাড়াই শুরু
জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু হয়েছে। তবে আগের তিন মৌসুমের চিনি এখনও সব বিক্রি করতে পারেনি এই চিনিকল।
ডোঙ্গায় আখ দিয়ে শুক্রবার বিকেলে এ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সামছুল আলম দুদু।
ষাটের দশকে স্থাপিত দেশের বৃহৎ জয়পুরহাট চিনিকলে অবিক্রিত চিনির মজুদ ছয় হাজার মেট্রিক টন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটিরিএ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম।
চলতি মাড়াই মৌসুমে এ চিনিকলে ৬৫ হাজার মে. টন আখ মাড়াই করে ৪ হাজার ৮৭৫ মে. টন চিনি উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে। এবার চিনি আহরণের লক্ষমাত্রা ধরা হয়েছে সাড়ে ৭ শতাংশ।
চিনিকল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মৌসুমে আখ মাড়াই কার্যক্রম ধরা হয়েছে ৪৫ দিন। চাহিদামত আখ পাওয়া গেলে ৪৫ দিনই মাড়াই চলবে।
চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক অবিক্রিত চিনি পড়ে থাকার কারণ বলতে না চাইলেও এ কলের শ্রমিক ইউনিয়নের সভাপতি আফজাল হোসেন মনে করেন কম দামে বিদেশি চিনিই আমদানিই এর কারণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘কম দামে বিদেশি চিনি আমদানি করায় দেশি চিনি উন্নতমানের হলেও মার খাচ্ছে স্থানীয় বাজারে।’
জয়পুরহাট চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের আশঙ্কা চলতি মাড়াই মৌসুমের মধ্যে ওই চিনি বিক্রি করা না গেলে আগামীতে কৃষকদের আখের দাম শোধে মারাত্মক সমস্যা হবে।
