করিমগঞ্জে শুধু এক নারী কাউন্সিলর প্রার্থী স্নাতক পাশ
কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে ৫৪ প্রার্থীর মধ্যে শুধু এক নারী কাউন্সিলর প্রাথী স্নাতক পাশ করেছেন।
তিনি হচ্ছেন সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী এক নম্বর ওয়ার্ডবাসী জহুরা আক্তার। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটার্নিং কর্মকর্তার নিকট দাখিলকৃত হলফনামা থেকে জানা যায়, পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে ৫৪ জন প্রার্থীর মধ্যে চারজন এইচএসসি, পাঁচজন এসএসসি, আটজন অষ্টম শ্রেণি, তিনজন পঞ্চম শ্রেণি পাশ। এছাড়া ২৩ জনের স্বাক্ষরজ্ঞান, চারজনের অক্ষরজ্ঞান রয়েছে এবং ছয়জন স্বশিক্ষিত।
এছাড়াও তিন মেয়র প্রার্থীর মধ্যে একজন এইচএসসি ও দুইজন স্বাক্ষর জ্ঞান সম্পন্ন হিসেবে উল্লেখ করেছেন হলফনামায়।
করিমগঞ্জ পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার চিত্রকে হতাশাজনক উল্লেখ করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর তিনি বলেন, “রাজনীতিতে ও নির্বাচনে অধিকহারে শিক্ষিতরা অংশগ্রহণ না করলে নাগরিক অধিকার, সুশাসন নিশ্চিত করা ও এলাকার কাঙ্খিত উন্নয়ন সম্ভব হবে না।”
হলফনামার বরাত দিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত কামরুল ইসলাম চৌধুরী এইচএসসি, বিএনপি মনোনীত মো. আশরাফ হোসেন পাভেল ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাইয়ুম স্বাক্ষর জ্ঞান সম্পন্ন।
“সাধারণ কাউন্সিলর প্রার্থী ৩৮ জনের মধ্যে দুইজন এইচএসসি, তিনজন এসএসসি, তিনজন অষ্টম শ্রেণি, দুইজন পঞ্চম শ্রেণি, ১৮ জন স্বাক্ষর জ্ঞান, চারজন অক্ষর জ্ঞান ও ছয়জন স্বশিক্ষিত।”
অপরদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১৩ জনের মধ্যে একজন স্নাতক, একজন এইচএসসি, দুইজন এসএসসি, পাঁচজন অষ্টম শ্রেণি, একজন পঞ্চম শ্রেণি, তিনজন স্বাক্ষর জ্ঞান সম্পন্ন হিসেবে হলফনামায় উল্লেখ করেছেন বলে জানান মোহাম্মদ মুঞ্জুরুল।
