চুয়াডাঙ্গায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা সদরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে, যিনি ‘ফকিরতন্ত্রে’ বিশ্বাসী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত জাকারিয়া সরদার (৩৮) সদর উপজেলার আলোকদিয়া-আকন্দবাড়িয়া গ্রামের ফজলু সরদারের ছেলে।
শুক্রবার সকালে ওই গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান।
ওসি বলেন, “জাকারিয়া ফকিরতন্ত্রে বিশ্বাসী ছিলেন। গ্রামের মাঠে একটি আখড়া আছে। সেখানে তার যাতায়াত ছিল।”
পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার রাতে আখড়ায় ঘুমানোর কথা বলে জাকারিয়া বাড়ি থেকে বের হন। সকালে আখড়ার পাশের মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
“জাকারিয়ার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে,” বলেন ওসি।
তবে কারা কী কারণে জাকারিয়াকে হত্যা করে থাকতে পারে- সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ধারণা পায়নি পুলিশ।
জাকারিয়ার লাশ উদ্ধার করে পুলিশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
