২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 09:45 AM

Updated : 22 Aug 2022, 01:56 PM

নিহত আলেয়া বেগম (৪২) গোপীনাথপুর গ্রামের রহম আলীর (৫২) স্ত্রী।

চুয়াডাঙ্গা সদর থানার এসআই মহসিন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার ভোরের দিকে ধারালো অস্ত্র দিয়ে আলেয়া বেগমের গলা কাটা হয়।

“ঘটনার পর থেকে রহম আলীকে পাওয়া যাচ্ছে না। এলাকাবাসী ধারণা করছে, রহম আলী তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছে,” বলেন মহসিন।

প্রতিবেশীদের বরাত দিয়ে তিনি জানান, আলমডাঙ্গা উপজেলার নিমতলা গ্রামের আলেয়া বেগমের সঙ্গে রহম আলীর বিয়ে হয় ২৬ বছর আগে। তাদের মধ্যে প্রায়ই কলহ হতো। রাতে তারা একই ঘরে ঘুমিয়েছিলেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে এসআই মহসিন জানান।